নিজের জীবন দিয়ে যাত্রীদের বাঁচানো সেই বাস হেলপারের পরিবারকে ইউএনওর অর্থসহায়তা

বাসটি থামাতে গিয়ে তিনি নিজেই চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে নিহত হন। এভাবে নিজের জীবন দিয়ে তিনি বাসটি থামাতে সক্ষম হন।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Bhurungamari
নিহত দুলালের স্ত্রীর কাছে অর্থসহায়তা হস্তান্তর করছেন ইউএনও অমৃত দেব নাথ
নিহত দুলালের স্ত্রীর কাছে অর্থসহায়তা হস্তান্তর করছেন ইউএনও অমৃত দেব নাথ |নয়া দিগন্ত

ব্রেক ফেল করা বাসের যাত্রীদের জীবন বাঁচাতে গিয়ে নিহত বাসটির হেলপার দুলালের পরিবারকে অর্থসহায়তা দিয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ।

রোববার (৩১ মে) সকালে উপজেলার দেওয়ানের খামার এলাকার কেজি স্কুল পাড়া গ্রামে নিহত দুলালের বাড়িতে গিয়ে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন ইউএনও। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত দুলালের স্ত্রী মোসলিমা খাতুনকে আর্থিক সহায়তা দেন।

এ সময় দুলালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, নিজের জীবন বাজি রেখে যাত্রীদের জীবন বাঁচানোর এমন ঘটনা নজিরবিহীন। তিনি নিহত দুলালের পরিবারের মঙ্গল কামনা করেন। এছাড়া তিনি পরিবারটিকে আর্থিক সহায়তার আবেদন করার পরামর্শ দেন এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আহসান পরিবহনের একটি বাস মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ধলেশ্বরী টোল প্লাজার কাছে পৌঁছার পর ব্রেক ফেল করে। ড্রাইভার বার বার চেষ্টা করেও বাসটি থামাতে পাচ্ছিলেন না। এ সময় শেষ চেষ্টা হিসেবে বাসটির চালকের সহকারী (হেলপার) দুলাল যাত্রীদের জীবন বাঁচাতে বাসের চাকার নিচে কাঠের গুড়ি ও ভারী জিনিস দিয়ে বাসটি থামানোর চেষ্টা করেন। এভাবে বাসটি থামাতে গিয়ে তিনি নিজেই চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে নিহত হন। এভাবে নিজের জীবন দিয়ে তিনি বাসটি থামাতে সক্ষম হন। এর ফলে বাসের সব যাত্রী বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পায়।’

Topics