সাভার (ঢাকা) সংবাদদাতা
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা: জাফরুল্লাহ চৌধুরীর স্বপ্ন ছিল এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা, যেখানে শিক্ষার মাধ্যমে কেবল পেশাজীবী নয়, সমাজ পরিবর্তনের নেতৃত্বও তৈরি হবে। গণ বিশ্ববিদ্যালয় সেই স্বপ্ন বাস্তবায়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বাণিজ্যিকীকরণের যুগে গণ বিশ্ববিদ্যালয় অল্প খরচে আধুনিক শিক্ষার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
শনিবার (১১ জুলাই) ঢাকার সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের ২৮তম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যাকে মানবসম্পদে পরিণত করতে হবে। সেই লক্ষ্যে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মেধা হচ্ছে একজন শিক্ষার্থীর সম্পদ। মেধা চর্চার মাধ্যমে নিজের, দেশের ও জাতির উন্নয়ন করতে হবে।
শিক্ষামন্ত্রী বলেন, উচ্চশিক্ষা শুধু ডিগ্রি অর্জনের বিষয় নয়। এটি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার অন্যতম মাধ্যম। প্রতিষ্ঠালগ্ন থেকে গণ বিশ্ববিদ্যালয় এ দর্শনকে ধারণ করে দেশের উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
অনুষ্ঠানে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য (এমপি) ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবু এবং ঢাকা-২০ আসনের এমপি মো: তমিজ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন ও আয়োজক কমিটির সচিব ড. ফুয়াদ হোসেনের পরিচালনায় ও ভিসি অধ্যাপক ড. মো: আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।



