চট্টগ্রাম চেম্বারের নতুন সভাপতি মোহাম্মদ আমিরুল হক

আমজাদ সিনিয়র সহ-সভাপতি ও স্বপন সহ-সভাপতি

সোমবার (২৫ মে) সকালে চেম্বারের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্সের সভা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম ব্যুরো
মোহাম্মদ আমিরুল হক, মো: আমজাদ হোসেন চৌধুরী ও মোহাম্মদ মসিউল আলম স্বপন
মোহাম্মদ আমিরুল হক, মো: আমজাদ হোসেন চৌধুরী ও মোহাম্মদ মসিউল আলম স্বপন |ফাইল ছবি

চট্টগ্রাম চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন সীকম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হক। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং কম্পিউটার স্কেলের স্বত্বাধিকারী মোহাম্মদ আমজাদ হোসাইন চৌধুরী এবং সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মনোয়ারা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ মসিউল আলম স্বপন।

সোমবার (২৫ মে) সকালে চেম্বারের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে চেম্বারের নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টর্সের সভা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

সভায় আরো উপস্থিত ছিলেন চেম্বার প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: মোতাহার হোসেন, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম ও সদস্য মো: হেদায়েত উল্যাহ।

সভায় নির্বাচন বোর্ডের তত্ত্বাবধানে নবনির্বাচিত পরিচালক মো: নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে নবনির্বাচিত পরিচালকমন্ডলী থেকে প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচিত অন্যান্য পরিচালকরা হলেন- রাজা করপোরেশনের কামাল মোস্তফা চৌধুরী, ইস্টার্ন অ্যাপারেলস লিমিটেডের মো: নাসির উদ্দিন চৌধুরী, চুমকি অ্যাপারেলস লিমিটেডের আবু হায়দার চৌধুরী (আমজাদ), স্টিভিডোর ফ্রেন্ডস সিন্ডিকেট লিমিটেডের আমান উল্লা আল ছগির, পিএইচপি মোটরস লিমিটেডের মোহাম্মদ আকতার পারভেজ, এম. এন্টারপ্রাইজের মোহাম্মদ মনির উদ্দিন, অর্কিড ট্রেডিংয়ের মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, পাবলিক ইলেকট্রিকের আফসার হাসান চৌধুরী, চট্টগ্রাম ট্রেড এজেন্সির এস এম সাইফুল আলম, প্রান্তিক মেরিন সার্ভিসেস লিমিটেডের মো: গোলাম সরওয়ার, জার ট্রেডের মো: জাহিদুল হাসান, টার্নিং পয়েন্টের আসাদ ইফতেখার, দি ফোর হুইলারসের মোহাম্মদ হাবিবুর রহমান, ফাল্গুনী ট্রেডার্স লিমিটেডের এ এস এম ইসমাইল খান, মার্স মেরিটাইম সার্ভিসেস অ্যান্ড ইন্সপেকশনের ক্যাপ্টেন মো: আলাউদ্দিন আল আজাদ, জেএসএন এন্টারপ্রাইজ লিমিটেডের মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, স্বদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (ইউনিট-২) মো: নুরুল ইসলাম, সাহির ট্রেডের সরোয়ার আলম খান, স্ট্যান্ডার্ড লজিস্টিক্স সার্ভিসেসের শহীদুল আলম, নিউ কর্ণফুলি ট্রেডিংয়ের মোহাম্মদ শফিউল আলম ও জেকো এন্টারপ্রাইজের মো: সেলিম নুর।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আমিরুল হকের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত

চট্টগ্রাম চেম্বারের দ্বি-বার্ষিক মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন সীকম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আমিরুল হক। তিনি ইতোপূর্বে পাঁচ মেয়াদে চেম্বারের পরিচালক ছিলেন। আমিরুল হক সীকম গ্রুপের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সফল নেতৃত্ব দিয়ে আসছেন। তার দূরদর্শী নেতৃত্বে শিপিং, লজিস্টিকস, সিমেন্ট, জ্বালানি, এলপিজি, ভোজ্যতেল, কৃষি, রিয়েল এস্টেটসহ বহুমুখী খাতে সীকম গ্রুপ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

তিনি দেশের অন্যতম বৃহৎ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি করপোরেট গভর্ন্যান্স, উৎপাদনশীলতা ও শিল্প ব্যবস্থাপনায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক সম্মাননা অর্জন করেছেন।

আমিরুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি যুক্তরাজ্য থেকে লিডারশীপ অ্যান্ড সাস্টেইনেবিলিটি বিষয়ে এমবিএ ডিগ্রি অর্জন করেন এবং তিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও ইনস্টিটিউটের ফেলো। পাশাপাশি তিনি দেশীয় ও আন্তর্জাতিক ফোরামে ব্যবসা-বাণিজ্য বিষয়ে সভা, সেমিনারের রিসোর্স পারসন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ব্যবসায়িক অঙ্গনের পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় শিল্প ও বাণিজ্য সংগঠনের নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বর্তমানে বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি এফবিসিসিআই সাবেক পরিচালক ও সার্ক চেম্বারের আজীবন সদস্য এবং চিটাগাং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য।