ঘোড়াঘাটে ইয়াবাসহ ২ মাদককারবারি গ্রেফতার

ইয়াবা বিক্রির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Location :

Dinajpur
ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে
ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে |নয়া দিগন্ত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রশাসন ও পুলিশের যৌথ অভিযানে এক হাজার ১৩৭ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর দক্ষিণপাড়া এলাকায় করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন জেলার নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫৭) ও শাকিল মিয়া (২০)।

জানা গেছে, রফিকুল ও শাকিল উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর দক্ষিণপাড়া এলাকায় করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চরে নৌকার ওপর ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা তাদের অবরুদ্ধ করে পুলিশকে খবর দেন। অভিযানে তাদের কাছ থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো ছয়টি ছোট প্যাকেট থেকে এক হাজার ১৩৭ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন লাখ ৪১ হাজার ১০০ টাকা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন, এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওসার শেখ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলামসহ পুলিশের একটি দল। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি মো: শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’