মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের গাজিটোলা এলাকার আন্তছরা খাল পুনরুদ্ধার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও দখল হয়ে যাওয়ায় পানি চলাচল ব্যাহত হচ্ছিল। এতে কৃষিজমিতে সেচ ও বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা সৃষ্টি হচ্ছিল।
‘খাল খননের নতুন ধারা, তারেক রহমান সবার সেরা’—এই স্লোগানে মিরসরাইয়ের সংসদ সদস্য নুরুল আমিন এমপির নির্দেশনায় এবং স্থানীয় কৃষকদের সহযোগিতায় সোমবার (২৭ জুলাই) সকাল থেকে খাল খনন ও পরিষ্কার কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা কৃষকদলের সভাপতি মো: আশরাফ উদ্দিন।
স্থানীয় কৃষক হারিছ মিয়া ও রাজা মিয়া বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে আমন ধানসহ বিভিন্ন মৌসুমি ফসলের আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আন্তছরা খালটি পরিষ্কার ও খনন করা হলে পানি চলাচল স্বাভাবিক হয়ে জলাবদ্ধতা কমবে।
উপজেলা কৃষকদলের সভাপতি মো: আশরাফ উদ্দিন বলেন, ‘সরকারের দিকে তাকিয়ে না থেকে সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এলাকার উন্নয়নে এগিয়ে আসি, তাহলে আমাদের মিরসরাই বদলে যাবে। নিজ আঙিনা নিজেই পরিষ্কার রাখুন। সবাই মিলে কাজ করলে মিরসরাইয়ের জলাবদ্ধতা শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব। যুবসমাজকে উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত রাখতে পারলে পুরো মিরসরাইকে মাদকমুক্ত করা সম্ভব।’
এ সময় সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন, মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি নিজাম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাহীন, কৃষকদল নেতা আবুল হোসেন, মফিজ উদ্দিনসহ অন্যরা কাজে অংশ নেন।



