অ্যাডভোকেট শিমুল বিশ্বাস

‘পাবনায় বিএনপির নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজি, দখলবাজি চলবে না’

‘আমি আরো স্পষ্টভাবে বলতে চাই, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনীতি আমাদের কাছে দায়িত্ব, কোনো বিশেষ গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করার মাধ্যম নয়। জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। আসুন আমরা সবাই মিলে সুশাসিত, দুর্নীতিমুক্ত ও মানবিক একটি সমাজ গঠনে কাজ করি।’

পাবনা প্রতিনিধি

Location :

Pabna Sadar
পাবনা-৫ (সদর) আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস
পাবনা-৫ (সদর) আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস |নয়া দিগন্ত

পাবনা-৫ (সদর) আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, ‘বিএনপি কিংবা আমার নাম ভাঙিয়ে কোনো ধরনের চাঁদাবাজি, দখলবাজি, ফাও খাওয়া বা অন্যায়-অবিচারকে প্রশ্রয় দেয়া হবে না। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে। রাজনৈতিক পরিচয় কখনো অপরাধের ঢাল হতে পারবে না।’

রোববার (২২ ফেব্রুয়ারি) নিজস্ব ফেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট শিমুল বিশ্বাস ফেসবুক পোস্টে বলেন, ‘দীর্ঘদিন পর দেশের মানুষ নানা প্রতিবন্ধকতা ও অপপ্রচার মোকাবেলা করে ইচ্ছেমতো অবাধে ভোট প্রদান করেছে। জনগণের রায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয় অর্জন করেছে এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা জনগণের এই আস্থা ও ম্যান্ডেটকে গভীর দায়িত্ববোধের সাথে গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘আমি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস স্পষ্টভাবে ঘোষণা করছি, আমার নির্বাচনী এলাকা পাবনা-৫ আসনসহ পাবনার কোথাও চাঁদাবাজি, প্রভাব খাটিয়ে ফাও খাওয়া, অবৈধ সুবিধা গ্রহণ বা সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না।’

তিনি আরো বলেন, ‘সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, কিছু ব্যক্তি বিএনপির এমনকি আমার নাম ব্যবহার করে অবৈধভাবে কোনো কোনো ক্ষেত্রে সুবিধা দাবি করছে। এ ধরনের কার্যকলাপ সম্পূর্ণ বেআইনি ও নৈতিকভাবে নিন্দনীয়। এর সাথে আমার বিন্দুমাত্র কোনো সংশ্লিষ্টতা নেই। যদি কেউ বিএনপি বা আমার নাম ব্যবহার করে অর্থ দাবি করে বা কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা করে, অনুগ্রহ করে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। প্রশাসনকে এ ধরনের অপকর্মের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি।’

এমপি শিমুল বিশ্বাস বলেন, ‘আমি আরো স্পষ্টভাবে বলতে চাই, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনীতি আমাদের কাছে দায়িত্ব, কোনো বিশেষ গোষ্ঠীর সুবিধা নিশ্চিত করার মাধ্যম নয়। জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। আসুন আমরা সবাই মিলে সুশাসিত, দুর্নীতিমুক্ত ও মানবিক একটি সমাজ গঠনে কাজ করি।’