যশোরে অসুস্থ সাংবাদিক ও তাদের সন্তানদের কল্যাণে ২৭ লাখ টাকার চেক বিতরণ করেছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে এসব চেক বিতরণ করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এদিন যশোর, মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার সাংবাদিক ও তাদের সন্তানদের বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ আব্দুল্লাহ।
অনুষ্ঠানে যশোর ও মাগুরা জেলার মোট ২৯ জন অসুস্থ, অসচ্ছল ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিক এবং সাংবাদিকদের ৬৫ জন সন্তানকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। এর মধ্যে যশোরে ৩৮ জন, কুষ্টিয়ায় ১৪ জন, মাগুরায় ১১ জন এবং চুয়াডাঙ্গায় ২ জন শিক্ষার্থী এ বৃত্তি চেক লাভ করেন। সব মিলিয়ে মোট ৯৪টি চেক বিতরণ করা হয়।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মাদ আশেক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিতে গিয়ে নানাবিধ ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। অনেক সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা অসুস্থতা, দুর্ঘটনা কিংবা আর্থিক সংকটে পড়েন। সে সময় তাদের পাশে দাঁড়ানো সরকারের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে নিয়মিত অনুদান ও শিক্ষাবৃত্তি প্রদান সরকারের মানবিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।



