গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী হাটে দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিবন্ধনহীন একটি পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১২০০ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (২৯ মার্চ) দুপুরে পরিচালিত ওই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আশরাফুল কবীর।
অভিযানে মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি পাম্পটির নিবন্ধন সংক্রান্ত অনিয়মও ধরা পড়ে।
উপজেলা প্রশাসন নয়া দিগন্তকে জানান, জব্দকৃত পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে পাম্পটিতে অতিরিক্ত মূল্যে জ্বালানি বিক্রি চলছিল। এ অভিযানের মাধ্যমে অনিয়মের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে বলে মনে করছেন তারা।



