চট্টগ্রামে ৮৫০ কোটি আত্মসাতের মামলায় চিকিৎসকের ছেলে গ্রেফতার

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রিয়াজ হোসাইন চক্ষু বিশেষজ্ঞ ডা: রবিউল হোসেনের ছেলে।

ওমর ফারুক, চট্টগ্রাম ব‍্যুরো

Location :

Chattogram
প্রতীকী ছবি

চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ কোটি টাকা আত্মসাতের মামলার অন্যতম আসামি রিয়াজ হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। রিয়াজ হোসাইন চক্ষু বিশেষজ্ঞ ডা: রবিউল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বিশাল অঙ্কের অর্থ আত্মসাতের একটি বড় ধরনের আর্থিক অনিয়মের মামলায় রিয়াজ হোসাইন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ নজরদারি চালিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে তিনি পাহাড়তলী চক্ষু হাসপাতাল এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায় এবং তাকে গ্রেফতার করে।

পুলিশের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রিয়াজ হোসাইনের বিরুদ্ধে খুলশী থানায় ৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় তার বাবা ডা: রবিউল হোসেনসহ আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।

পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ নুরুল আবছার বলেন, বিপুল পরিমাণ এই অর্থ আত্মসাতের ঘটনায় রিয়াজ হোসাইনের সরাসরি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।