লালমোহনে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

এই দুর্ঘটনাস্থলে গত চার-দিন আগে শ্যালক-দুলাভাই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
দুর্ঘটনার পরের চিত্র
দুর্ঘটনার পরের চিত্র |ছবি : নয়া দিগন্ত

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে লালমোহনের গজারিয়া বাজারের ডা: আজাহার উদ্দিন কলেজের সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। তাৎক্ষণিকভাবে তাদের কারো পরিচয় জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

জানা যায়, দুপুর সোয়া ১২টার দিকে ভোলা বাস টার্মিনাল থেকে একটি বাস চরফ্যাসনের উদ্দেশে ছেড়ে যায়। দুপুর ২টার দিকে গাজারিয়া বাজারের ডা: আজহার উদ্দিন কলেজ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনাস্থলে গত চার-দিন আগে শ্যালক-দুলাভাই মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: অলিউল ইসলাম জানান, তারা ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছেন। তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।