দিনাজপুর শিক্ষাবোর্ডের ১৮ বিদ্যালয় থেকে পাস করেনি কেউ, ঠাকুরগাঁওয়েরই ৫টি

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ জানান, যেসব স্কুল থেকে একজনও পাস করেনি তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
এসএসসি পরীক্ষার্থীরা
এসএসসি পরীক্ষার্থীরা |ফাইল ছবি

এবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া রংপুর বিভাগের ১৮ বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। এরমধ্যে সর্বোচ্চ ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানই ঠাকুরগাঁওয়ের। আর বাকি ১৩টি বিদ্যালয় বাকি সাত জেলার। এসব বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ১২৪ জন।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক দফতর থেকে প্রকাশিত ফলাফল থেকে এই তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য মতে, শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ের ১৮ জন, ঘাসিপুর উচ্চ বিদ্যালয়ের ১৫ জন, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন, পলাশবাড়ী উপজেলার মনোহারপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ জন, নীলফামারী জেলার ডোমার থানার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ জন, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চ বিদ্যালয়ের ১২ জন, ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয়ের ৪ জন, সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১ জন, ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার এএম রাথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৫ জন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ১৯ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন, তাওরিগাঁ উচ্চ বিদ্যালয়ের ৫ জন, হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, পঞ্চগড়ের বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন ও বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন পরীক্ষায় অংশ নিয়েছিল।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: বোরহান উদ্দিন জানান, এবার রংপুর বিভাগের আট জেলার ২ হাজার ৮১৪টি স্কুলের ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এরমধ্যে ৫৮ দশমিক ৫ ভাগ পাস করেছে। জিপিএ ফাইভ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। ২৪টি স্কুল থেকে শতভাগ পাস করেছে এবং ১৮টি স্কুল থেকে শতভাগ ফেল করেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস আহমেদ জানান, যেসব স্কুল থেকে একজনও পাস করেনি তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।