গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক নারী, তার তিন শিশুসন্তান ও ভাইকে গলা কেটে হত্যার ঘটনায় নিহতদের বাড়িতে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি উত্তর চরপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।
রোববার (১০ মে) বেলা ১১টার দিকে পাইককান্দি উত্তরপাড়া মাদরাসা মাঠ প্রঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন গ্রাম থেকে ধর্মপ্রাণ মুসলমান ও মাদরাসার শিক্ষার্থীরা জানাজায় অংশগ্রহণ করেন।
পরে নিহত শারমিন আক্তারের বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। একই পরিবারের পাঁচজন নিহতের ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো গ্রাম।
এর আগে, গতকাল শনিবার (৯ মে) ভোররাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শারমিন আক্তার (৩৫), তার তিন সন্তান মিম আক্তার (১৫), মারিয়া (১২) ও ফারিয়া (১) এবং তার ভাই রসুল হোসেন।
এমন নৃশংস হত্যার ঘটনায় নিহতের বাবা শাহদাত মোল্লা, নিহতের ভাই পলাশ মোল্লাসহ এলাকাবাসী হত্যার সাথে জড়িত ফোরকান মিয়াকে প্রকাশ্যে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়েছেন।



