ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয় অর্জন করেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। জেলার মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো: মজিবুর রহমান দুই লাখ আট হাজার ৬৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মো: শাহ আলম বকশী পেয়েছেন এক লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট। উল্লেখযোগ্য ব্যবধানে জয় নিশ্চিত করেন বিএনপি প্রার্থী।
গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি এক লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের পুত্র এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খান পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৯৫০ ভোট।
গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু এক লাখ ৬১ হাজার ২৫৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় ঐক্যজোট তথা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সূরা সদস্য মোহাম্মদ এহসানুল হক পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট। এখানে বিজয়ী প্রার্থী ৬১ হাজার ৯০৪ ভোটের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন, যা জেলায় সর্বোচ্চ।
গাজীপুর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী এক লাখ এক হাজার ৭৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নান, যিনি ৯০ হাজার ৩৯০ ভোট পেয়েছেন। তিনি সাবেক মন্ত্রী প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহের পুত্র এবং গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।
গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এক লাখ ৩২ হাজার ৮৯১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত মো: খায়রুল হাসান পেয়েছেন ৭৬ হাজার ৭৭৬ ভোট।
জেলার পাঁচটি আসনে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গাজীপুরে মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ৩৮ হাজার ২৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৪ হাজার ৩৪৯ জন এবং নারী ভোটার ১৩ লাখ ৭৩ হাজার ৮৬৯ জন। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
এ নির্বাচনের মাধ্যমে গাজীপুরে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেলেও কাপাসিয়ায় জামায়াত একটি আসন নিজেদের ঝুলিতে তুলতে সক্ষম হয়েছে।



