দেবীগঞ্জে শিলাবৃষ্টিতে বসতঘর ক্ষতিগ্রস্ত হয়ে দরিদ্র ২ পরিবারের দুর্ভোগ

শিলাবৃষ্টির তীব্রতায় দিনমজুর আব্দুর রহিম খান ও ভ্যানচালক সিরাজুল ইসলামের টিনের ছাউনি দেয়া ঘরের চাল ঝাঁঝরা হয়ে যায়।

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়)

Location :

Debiganj
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত টিনের চাল
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত টিনের চাল |নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জে শিলাবৃষ্টিতে দরিদ্র দুই পরিবারের বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পরিবার দু’টির সদস্যরা মারাত্মক দুর্ভোগে পড়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার বালাখুড়ি এলাকায় এ শিলাবৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিলাবৃষ্টির তীব্রতায় দিনমজুর আব্দুর রহিম খান ও ভ্যানচালক সিরাজুল ইসলামের টিনের ছাউনি দেয়া ঘরের চাল ঝাঁঝরা হয়ে যায়। অসংখ্য ছিদ্র দিয়ে বৃষ্টির পানি ঘরের ভেতরে ঢুকে পড়ায় আসবাবপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভিজে নষ্ট হয়।

ভুক্তভোগী আব্দুর রহিম খান বলেন, ‘শিলাবৃষ্টিতে ঘরের চাল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় বৃষ্টি হলে ঘরে থাকা সম্ভব হবে না। পরিবার নিয়ে চরম কষ্টে আছি।’

একই অবস্থা ভ্যানচালক সিরাজুল ইসলামের। তিনি জানান, স্বল্প আয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে ঘরের চাল মেরামতের খরচ বহন করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবার দুটি দ্রুত সহায়তার জন্য সরকারের সংশ্লিষ্ট দফতর ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।