গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ জুন) বিকেল ৫টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার উদ্যোগে মুন্সীগঞ্জ পৌরসভার কৃষিভাগ সংলগ্ন শহীদি চত্বর থেকে মিছিলটি শুরু হয়। জেলা শাখার সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুপার মার্কেট গোলচত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ রিফাত হোসেন, জেলা প্রচার সম্পাদক এস এম জাহিদ হোসেন, জেলা অফিস সম্পাদক মো: আব্দুল্লাহ মুজাহিদসহ সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জেলা সভাপতি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরো বলেন, দেশে খুন, রাহাজানি, চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে বক্তারা সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



