রাজবাড়ীর গোয়ালন্দে টাকা ভাগাভাগির দ্বন্দ্বে শরীফুল ইসলাম হিরা (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত কামরুল (৩৮) পলাতক রয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে গোয়ালন্দ শহরের কাজীপাড়া তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো: সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শরীফুল ইসলাম হিরা গোয়ালন্দের উজানচর ইউনিয়নের বহাদুরপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মরহুম জাবেদ আলীর ছেলে। তিনি আওয়ামী যুব লীগের গোয়ালন্দ পৌর কমিটির প্রচার সম্পাদক ছিলেন বলে জানা গেছে। এছাড়া শরীফুল ইসলাম হিরা বর্তমানে গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজী পাড়া এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন।
প্রত্যক্ষদশী, নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফুল ইসলাম ও কামরুল নামে এক ব্যক্তি পরস্পরের বন্ধু ছিলেন। কামরুল গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ চলছিল।
শনিবার সকালে গোয়ালন্দ বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন শরিফুল। পথে তোরাই মোড় এলাকায় পৌঁছালে তাদের দু’জনের মধ্যে তুমুল ঝগড়া হয়। পরে কামরুল তার কাছে লুকানো ছুরি নিয়ে হামলা করেন। এতে শরিফুল গুরুতর আহত হন।
তবে অপর একটি সূত্র জানায়, কামরুল ইসলাম ও হীরার মধ্যে প্রায়ই কোনো কিছুর ভাগের টাকা নিয়ে কথা-কাটাকাটি হতো। শনিবার সে রকম ঝগড়ার একপর্যায়ে কামরুল হিরার পেটে ছুরিকাঘাত করেন। এ সময় রক্তাক্ত অবস্থায় হিরা মাটিতে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, সকালে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে অর্থের লেনদেনকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



