উল্লাপাড়ায় ভিজিএফ’র ৩২ বস্তা চাল উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগের মধ্যে প্রশাসনের অভিযানে ৩২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে।

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Ullahpara
উল্লাপাড়ায় ভিজিএফ’র ৩২ বস্তা চাল উদ্ধার
উল্লাপাড়ায় ভিজিএফ’র ৩২ বস্তা চাল উদ্ধার |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগের মধ্যে প্রশাসনের অভিযানে ৩২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত চাল পরবর্তীতে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণ করার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ৩৮ হাজার ৪৬২৫ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণের কথা ছিল। তবে বিভিন্ন কারণে ওইদিন ৯টি ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

এদিকে চাল বিতরণকে কেন্দ্র করে বেশ কয়েকটি স্থানে অনিয়মের অভিযোগ ওঠে।

স্থানীয়দের অভিযোগ, অনেক জায়গায় ওজনে কম করে চাল দেয়া হয়েছে। আবার প্রকৃত দরিদ্র মানুষের পরিবর্তে প্রভাবশালী ও সুবিধাভোগী ব্যক্তিরা চাল নেয়ার চেষ্টা করেছে। এমনকি একই ব্যক্তি একাধিকবার চাল উত্তোলনের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভিজিএফ’র চাল বিতরণের সময় কিছু অসাধু চক্র কার্ডধারীদের কাছ থেকে চাল কিনে নেয়া এবং একই ব্যক্তির মাধ্যমে বারবার চাল উত্তোলনের চেষ্টা করে। এতে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষ তাদের প্রাপ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ওঠে।

বিষয়টি প্রশাসনের নজরে এলে অভিযানে পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদের সামনে একটি ঘর থেকে ৩২ বস্তা চাল উদ্ধার করা হয়।

এদিকে অনেক কার্ডধারী অভিযোগ করেছেন, জনপ্রতি ১০ কেজি চাল দেয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে ওজনে কম দেয়া হচ্ছে। এতে সুবিধাভোগীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে পূর্ণিমাগাতী ইউনিয়ন পরিষদের দায়িত্বে থাকা চেয়ারম্যান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মতিন বলেন, ‘কিছু অসাধু ব্যবসায়ী সুবিধাভোগীদের কাছ থেকে চাল কিনে নিয়েছে বলে খবর পেয়ে ব্যবস্থা নিতে গেলে তারা পালিয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উদ্ধার হওয়া চাল অসহায় ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম আরিফ বলেন, ‘খবর পেয়ে উদ্ধার হওয়া চাল বস্তাসহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসার নির্দেশ দেয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে এগুলো প্রকৃত অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে ‘