হজরত শাহজালাল ও শাহ পরাণের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর। রাষ্ট্রপতির সহধর্মিনী রাহাত আরা বেগম এ সফরে তার সাথে রয়েছেন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হজরত শাহজালাল র.-এর মাজার জিয়ারত করছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
হজরত শাহজালাল র.-এর মাজার জিয়ারত করছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর |নয়া দিগন্ত

সিলেটে এক দিনের সফরে এসে হজরত শাহজালাল র. ও হজরত শাহ পরাণ র.-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি এ মাজার জিয়ারত করেন।

দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম সিলেট সফর। রাষ্ট্রপতির সহধর্মিনী রাহাত আরা বেগম এ সফরে তার সাথে রয়েছেন।

এর আগে সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসীকল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো: জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্যগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউজে আসেন রাষ্ট্রপতি। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সার্কিট হাউজে স্বল্প বিরতির পর দুপুরে নগরের দরগাগেট এলাকায় সুফিসাধক হজরত শাহজালাল র.-এর মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে তিনি দেশ ও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন।

হজরত শাহজালাল র.-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি সরাসরি রওনা দেন সিলেটের খাদিম নগরে হজরত শাহ পরাণ র.-এর মাজারের উদ্দেশে। সেখানে রাষ্ট্রপতি মাজার জিয়ারত করেন এবং জোহরের নামাজ আদায় করেন।

সিলেটে এক দিনের এই সফরে বিকেল সাড়ে ৩টায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশন আয়োজিত একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।