ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরে পৃথক অভিযানে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট, এক পুরিয়া গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
সোমবার (২৭ জুলাই) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি ও সহকারী কমিশনার (ভূমি) মো: শামিম রেজা সজীবের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড় কৈবর্তখালী মুজিবকেল্লা সংলগ্ন এলাকায় নিজ বাড়িতে মাদক সেবনের সময় মো: জসিম কাজীকে (৪৫) গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মো: অলি আহমেদের ছেলে। তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে রাত সাড়ে ১০টার দিকে নাপিতবাড়ি খানকা সংলগ্ন এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে মো: তারেক গাজীকে (২৯) গ্রেফতার করা হয়। তিনি ইন্দোপাশা চকিদারবাড়ি এলাকার মো: রতন গাজীর ছেলে। গ্রেফতারকালে তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জসিম কাজীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা অর্থ দণ্ড দেন।
অপর অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মো: শামিম রেজা সজীবের ভ্রাম্যমাণ আদালত তারেক গাজীকে এক বছর সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি জানান, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



