গণভোটের রায় বাস্তবায়নের দাবি

রাজশাহীতে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

শনিবার (৪ জুলাই) বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাজশাহী মহানগরীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
রাজশাহীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
রাজশাহীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

গণভোটের গণরায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

শনিবার (৪ জুলাই) বিকেলে নগরীর আলুপট্টি মোড়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাজশাহী মহানগরীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলুপট্টি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কুমারপাড়া মোড়, সাহেব বাজার জিরোপয়েন্ট, মণিচত্বর, রাজশাহী কলেজের সামনে দিয়ে ও সোনাদীঘির মোড় হয়ে বাটার মোড়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের সূচনা হয়েছিল। তবে তাদের অভিযোগ, একটি ফ্যাসিবাদের অবসান ঘটলেও বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে নতুনভাবে ফ্যাসিবাদী চরিত্র ধারণ করেছে এবং স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে।

তারা দাবি করেন, দেশে খুন, গুম, ধর্ষণ, চাঁদাবাজি ও লুটতরাজের ঘটনা বেড়ে চলেছে, যার ফলে সাধারণ মানুষ ক্রমেই অতিষ্ঠ হয়ে উঠছে এবং এ পরিস্থিতি অব্যাহত থাকলে জনগণ রাজপথে নামতে বাধ্য হবে।

নেতারা বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে; কিন্তু বর্তমান সরকারের পতন ঘটতে ১৭ দিনও সময় লাগবে না।

নেতৃবৃন্দ আরো বলেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় এবং গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ এর পক্ষে রায় দেয়। তাদের অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা দেওয়া হলেও এখন পর্যন্ত গণভোটের রায় বাস্তবায়ন করা হয়নি।

তারা দাবি করেন, নির্বাচনের আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন সভা-সমাবেশে গণভোটের পক্ষে অবস্থান নিলেও নির্বাচন-পরবর্তী সময়ে সরকার এ বিষয়ে টালবাহানা করছে।

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, ১৯৭২ সালের সংবিধান দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। তাই গণভোটের রায়ের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়নের উদ্যোগ নিতে হবে।

সরকারকে হুঁশিয়ার করে জোটের নেতারা বলেন, বর্তমান সরকার যদি ‘নব্য ফ্যাসিবাদী’ চরিত্র ধারণ করে, তাহলে আগামীতে ১১ দলীয় ঐক্য সরকারের প্রতি সব ধরনের সহযোগিতা থেকে বিরত থাকবে।

তারা আরো বলেন, সরকার যদি জুলাইয়ের গণরায়কে উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে, তবে সেটি হবে ভুল সিদ্ধান্ত। তাই অবিলম্বে গণভোটের রায় মেনে নিয়ে সংসদে প্রয়োজনীয় আইন পাস করার আহ্বান জানান তারা।

এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম কমানো হলেও বাংলাদেশে এখনো মূল্য সমন্বয় না হওয়ায় অবিলম্বে জ্বালানি তেল ও গ্যাসের দাম কমানোর দাবিও জানান বক্তারা।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি শাহাদৎ হোসাইনের সঞ্চালনায় বিক্ষাভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের মহানগরীর নায়েবে আমির ডা: মোহাম্মদ জাহাঙ্গীর, মহানগরীর ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরীর আহ্বায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব আতিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির প্রমুখ।