ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
খুলনার ডুমুরিয়া উপজেলার ১৮ মাইল বাজারের সেঞ্চুরী ফিলিং স্টেশনে তেল কেনাবেচাকে কেন্দ্র করে সৃষ্ট অপ্রীতিকর ঘটনাকে ঘিরে ডুমুরিয়া প্রেস ক্লাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অভিযোগ ও পাল্টা অভিযোগে জড়িত পক্ষ দুটি হলো—ছাত্রশিবির নেতা মহিদুজ্জামান এবং স্থানীয় বিএনপি নেতা আশরাফুল ইসলাম।
ছাত্রশিবির নেতা মহিদুজ্জামান শুক্রবার (৩ এপ্রিল) সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত বুধবার গভীর রাতে (আনুমানিক ২টা) তিনি তেল নিতে গিয়ে দেখেন, আশরাফুল ইসলামের প্রভাবে দীর্ঘ মোটরসাইকেলের লাইনের তোয়াক্কা না করে টবে করে ৫ থেকে ৩০ লিটার পর্যন্ত তেল বিতরণ করা হচ্ছে।
তিনি দাবি করেন, এ অনিয়মের প্রতিবাদ এবং ভিডিও ধারণ করতে গেলে আশরাফুল ইসলামের সাথে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলা হয়। এ ঘটনায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অন্যদিকে, শনিবার (৪ এপ্রিল) ডুমুরিয়া প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করে এসব অভিযোগকে মিথ্যা ও মানহানিকর বলে দাবি করেন বিএনপি নেতা আশরাফুল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মহিদুজ্জামান ফিলিং স্টেশনে গিয়ে নিজ আধিপত্য বিস্তার এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। তিনি তার পছন্দের লোকদের তেল সরবরাহ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন।
আশরাফুল ইসলাম আরো বলেন, বিষয়টি জানতে চাইলে মহিদুজ্জামান তাদের ওপর চড়াও হন এবং পরবর্তীতে ঘটনাটি বিকৃতভাবে উপস্থাপন করে তার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে।



