বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে মাকে ছুরিকাঘাতে হত্যা, ছেলে গ্রেফতার

শনিবার বিকেলে রাজন তার মায়ের কাছে এসে পুনরায় পাঁচ শ’ টাকা দাবি করে। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় রাজন পকেট থেকে ছুরি বের করে তার মায়ের পেটে উপর্যুপরি আঘাত করে।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Baraigram
মাকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছেলে
মাকে ছুরিকাঘাতে হত্যা করেছে ছেলে |প্রতীকী ছবি

নাটোরের বড়াইগ্রামে নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে মাকে হত্যা করেছে ছেলে রাজন (২২)। রোববার (৩ মে) রাত ১০টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, শনিবার (২ মে) বিকেলে উপজেলার বড়াইগ্রাম পশ্চিমপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে রাজনকে শনিবার রাতেই তার শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

নিহত ওই নারীর নাম সাজেদা বেগম (৫৫)। তিনি মহল্লার আব্দুল মতিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, মাদকাসক্ত ছেলে রাজন তার তৃতীয় স্ত্রীকে নিয়ে উপজেলার বাগডোব গ্রামে শ্বশুরবাড়িতে বসবাস করেন। এছাড়া স্বামী আব্দুল মতিন আরেকটি বিয়ে করে অন্যত্র বসবাস করায় সাজেদা বেগম বাড়িতে একাই থাকতেন। রাজন মাঝে মাঝেই তার মায়ের কাছে এসে মাদক সেবনের জন্য জোর করে টাকা-পয়সা নিয়ে যেতো।

শনিবার বিকেলে রাজন তার মায়ের কাছে এসে পুনরায় পাঁচ শ’ টাকা দাবি করে। কিন্তু টাকা দিতে রাজি না হওয়ায় রাজন পকেট থেকে ছুরি বের করে তার মায়ের পেটে উপর্যুপরি আঘাত করে। এতে সাজেদা বেগমের পেটের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে সাজেদা বেগমকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তারা মৃত্যু হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, ঘটনার পর পরই অভিযুক্ত রাজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।