ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাঘরী বাজারের মানসিক ভারসাম্যহীন নারী মমতাজের গর্ভে জন্ম নেয়া নবজাতক আফিফা ইয়াসমিন জান্নাতকে (মুক্তি) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে পরিচর্যার জন্য এক দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিকেলে রাজাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শিশুটিকে ঝালকাঠি গাবখান ব্রিজ সংলগ্ন কিফাইত নগর এলাকার বাসিন্দা মো: মনির হোসেন ও তার স্ত্রীর কাছে তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আবুল খায়ের মাহমুদ রাসেল, সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হোসেন, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: এনামুল হোসেন খানসহ সংশ্লিষ্ট বোর্ডের সদস্যরা।
উল্লেখ্য, গত ২৬ মার্চ রাজাপুর উপজেলার বাঘরী বাজারে মমতাজ একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে মা ও নবজাতককে রাজাপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসা ও পরিচর্যার পর প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী নবজাতক মুক্তিকে ঝালকাঠিতে এবং মমতাজকে তার ভাইয়ের জিম্মায় মোড়েলগঞ্জে পাঠানো হয়। বর্তমানে মা মমতাজ ও শিশু মুক্তি দুজনই সুস্থ আছে বলে জানা গেছে।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী জানান, রাজাপুর উপজেলা শিশু রক্ষণাবেক্ষণ বোর্ড আছে। তারাই ওই শিশুকে এতদিন পরিচর্যার তদারকি করেছেন। আজ শিশুকে পরিচর্যার জন্য এক দম্পতির কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে যদি কারো কাছে দত্তক দিতে হয় তাহলে আদালতের মাধ্যমে দিতে হবে। সেটা সময়সাপেক্ষ ব্যাপার। আমরা ওই শিশুকে শারীরিক ও মানসিক বিকাশের জন্য একটি পরিবারের কাছে পরিচর্যার জন্য হস্তান্তর করেছি।



