সমাজকল্যাণমন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘ক্ষমতার দম্ভ নয়, জনগণের সেবা ও তাদের অধিকার প্রতিষ্ঠাই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত।’
তিনি বলেন, ‘ক্ষমতা নিয়ে কখনো বড়াই করা উচিত নয়। একমাত্র ক্ষমতার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন। ইতিহাস সাক্ষ্য দেয়, যারা ক্ষমতার অহংকার করেছে, তাদের পতনও হয়েছে করুণভাবে।’
বুধবার (৫ আগস্ট) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ডাকবাংলা ৭১ মঞ্চে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘২০২৪ সালের ৩৬ জুলাই দেশের মানুষ দেখেছে, যারা বলত অমুকের বেটি কখনো পালায় না, শেষ পর্যন্ত তারাই চুপচাপ পালিয়ে গেছে। এ থেকে শিক্ষা নিতে হবে, ক্ষমতা চিরস্থায়ী নয়। একমাত্র আল্লাহই সর্বময় ক্ষমতার অধিকারী, আর রাষ্ট্রের মালিক জনগণ।’
তিনি আরো বলেন, ‘বিএনপির ইতিহাস জনগণের পাশে থাকার ইতিহাস। জনগণের মনের ভাষা বোঝা, তাদের অধিকার আদায়ে নেতৃত্ব দেয়া এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামই বিএনপির রাজনীতির মূল ভিত্তি। বিএনপির ইতিহাস আত্মসমর্পণের নয়, দম্ভেরও নয়; বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস।’
এর আগে উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা গেট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলা ৭১ মঞ্চে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবাবগঞ্জ ও হাকিমপুর উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



