যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় সাড়ে তিন কোটি টাকার টোল আদায়

ঈদযাত্রায় যমুনা সেতুর দু’পাশে নয়টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দু’পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
সংগৃহীত

ঢাকা-টাঙ্গাইল-উত্তরবঙ্গ মহাসড়কে ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। গত ২৪ ঘণ্টায় এই মহাসড়ক দিয়ে যমুনা সেতু পার হয়েছে ৫১ হাজার ৫৮৪টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে সাড়ে তিন কোটি টাকার ওপরে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫১ হাজার ৫৪৮টি যানবাহন পারাপার হয়েছে এই সেতুর ওপর দিয়ে। এর মধ্যে ঢাকামুখী লেন দিয়ে পার হয়েছে ১৮ হাজার ৭৪৪টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার হয়েছে ৩২ হাজার ৮৪০টি এবং টোল আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা। এতে উভয় দিকের যানবাহন পারাপারে গত ২৪ ঘণ্টায় মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘এই মহাসড়কে যানবাহনের সংখ্যা আগের চেয়ে কয়েকগুন বেড়েছে। ঈদযাত্রায় যমুনা সেতুর দু’পাশে নয়টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দু’পাশেই দুটি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা সার্বক্ষণিক টোল বুথ চালু রাখার চেষ্টা করছি।’

টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ‘মহাসড়কের টাঙ্গাইল অংশে এখন পর্যন্ত যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে আমরা সার্বক্ষণিক কাজ করছি।’