মাদারীপুরে সংসদ সদস্যকে সাথে নিয়ে বাজারে অভিযান

মূল্য তালিকা না থাকায় মুদি দোকান, শাক-সবজি, মাছ ও মাংসের দোকানীদের সতর্ক করা হয়। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করা হলে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান তারা। পাশাপাশি ফুটপাত দখল করে বসা ভ্রাম্যমাণ দোকান ২৪ ঘণ্টার মধ্যে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান
ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান |নয়া দিগন্ত

মাদারীপুরে স্থানীয় সংসদ সদস্যকে সাথে নিয়ে বাজারে অভিযান চালিয়েছে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শহরের ইটেরপুল বাজারে এ অভিযান চালানো হয়।

জানা যায়, রমজান মাসে জেলার বিভিন্ন হাট-বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে এমন খবরে অভিযানে নামে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতর। সকালে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে সাথে নিয়ে শহরের ইটেরপুল বাজারে যান তারা। এ সময় মূল্য তালিকা না থাকায় মুদি দোকান, শাক-সবজি, মাছ ও মাংসের দোকানীদের সতর্ক করা হয়। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করা হলে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান তারা। পাশাপাশি ফুটপাত দখল করে বসা ভ্রাম্যমাণ দোকান ২৪ ঘণ্টার মধ্যে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেন স্থানীয় সংসদ সদস্য।

অভিযানে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সুচন্দ মন্ডল, নিরাপদ খাদ্য অধিদফতরের জেলার কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জাহান্দার আলী মিয়া বলেন, ‘বিশ্বের সব দেশে সারা বছর ব্যবসা করলেও রমজান মাসে কম দামে পণ্য বিক্রি করে। কিন্তু আমাদের দেশে দেখা যায় উল্টো চিত্র। সরকার কঠোর অবস্থানে রয়েছে। রমজান মাসে যারা অসাধু উপায়ে ব্যবসা পরিচালনা করবে এবং ক্রেতাদের জিম্মি করে ব্যবসা করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলমান থাকবে। এ ব্যাপারে জেলা প্রশাসন থেকে শুরু করে সরকারের সংশ্লিষ্ট দফতরকে নির্দেশনা দেয়া হয়েছে।’