৭৪ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত হবি মিয়ার লাশ

গত ১৬ মার্চ ইরানের মিসাইল হামলায় নিহত হন ইরাক প্রবাসী হবি মিয়া। দীর্ঘ প্রবাসজীবন শেষে স্ত্রী-সন্তানদের নিয়ে দেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করেছিলেন তিনি।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
অবশেষে দেশে ফিরল মিসাইল হামলায় নিহত মুন্সীগঞ্জের বাসিন্দা হবি মিয়ার লাশ
অবশেষে দেশে ফিরল মিসাইল হামলায় নিহত মুন্সীগঞ্জের বাসিন্দা হবি মিয়ার লাশ |নয়া দিগন্ত গ্রাফিক্স

ইরানের মিসাইল হামলায় নিহত ইরাক প্রবাসী হবি মিয়া পাইক ওরফে মোহাম্মদ শ্রাবণের লাশ দীর্ঘ ৭৪ দিন পর দেশে ফিরেছে। শুক্রবার (২৯ মে) ভোরে তার লাশ দেশে পৌঁছালে মুন্সীগঞ্জের সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা এলাকার গ্রামের বাড়ি শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, শুক্রবার ভোর সোয়া ৫টার দিকে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাশ পৌঁছায়। পরে সরকারি ব্যবস্থাপনায় লাশ গ্রামের বাড়িতে নেয়া হলে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

বাদ জুমা স্থানীয় বকুলতলা স্কুল মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ ইরানের মিসাইল হামলায় নিহত হন ইরাক প্রবাসী হবি মিয়া। দীর্ঘ প্রবাসজীবন শেষে স্ত্রী-সন্তানদের নিয়ে দেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করেছিলেন তিনি। বাড়ির পাশে নতুন করে সংসার গড়ার স্বপ্নে জমিও কিনেছিলেন। কিন্তু সেই স্বপ্ন অপূর্ণ রেখেই লাশ হয়ে ফিরতে হলো পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তিকে।

নিহতের বড় মেয়ে উম্মে হাবিবা ও ছোট মেয়ে নাফিজা জাহান আলিশা দীর্ঘদিন ধরে বাবার লাশের অপেক্ষায় ছিল। লাশ বাড়িতে পৌঁছালে দুই মেয়ের কান্নায় উপস্থিত লোকজনও আবেগাপ্লুত হয়ে পড়েন।

নিহতের পরিবারের পক্ষ থেকে দুই সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।