কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের স্থান পরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যে সকল এলাকায় রেল ক্রসিং রয়েছে সেখানে অটোমেটিক গেট নির্মাণের বিষয়ে পরিকল্পনা করা হবে।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
ঘটনাস্থান পরিদর্শনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ
ঘটনাস্থান পরিদর্শনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ |নয়া দিগন্ত

কুমিল্লার সদর দক্ষিণে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার (২২ মার্চ) এ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যে সকল এলাকায় রেল ক্রসিং রয়েছে সেখানে অটোমেটিক গেট নির্মাণের বিষয়ে পরিকল্পনা করা হবে। আগামী দিনে যে বৈঠক হবে, সেখানে অগ্রাধিকার দিয়ে এ বিষয়ে আলোচনা হবে।’

তিনি আরো বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে এই সমস্ত গেটগুলোকে আধুনিক করা হয়েছে। নির্দিষ্ট একটি স্থানে ট্রেন পৌঁছালে অটোমেটিক গেট বন্ধ হয়ে যায়। আজ এই এলাকায় গেইট ম্যান না থাকার কারণে এত বড় দুর্ঘটনা হয়েছে। অটো করা থাকলে এমন ঘটনা ঘটতো না। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে হাইওয়ে এলাকার সকল রেল গেইট অটো সিষ্টেম করার জন্য।’

এ সময়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো: মোস্তাক মিয়া ও কুমিল্লা জেলা প্রশাসক মুহাম্মদ রেজা হাসানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ৩টার আগে আগে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের সাথে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল নামে একটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ট্রেনটি দ্রুতগতিতে থাকায় বাসটিকে প্রায় এক কিলোমিটার সামনে ঠেলে নিয়ে যায়। এতে বাসের ১২ যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুই শিশু ও তিন নারী।