পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় শাহিন মিয়া (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত শাহিন মিয়া নাটোরের বড়াইগ্রাম উপজেলার আস্তিকপাড়ার বাসিন্দা স্বপ্ন মিয়ার ছেলে।
সোমবার (২৯ জুন) সন্ধ্যার পর ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া এলাকায় দাশুড়িয়া–রাজশাহী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যার পর উপজেলার মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া এলাকায় দাশুড়িয়া–রাজশাহী আঞ্চলিক সড়কে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসচাপায় ঘটনাস্থলেই ভ্যানচালক শাহিন মিয়া মারা যান। পরে পাকশী হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন পর্যবেক্ষণ করেছে। কারো কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



