লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৪

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আরো চারজন আহত হন।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার সোনালী ব্যাংক চত্বর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিঘীরহাট এলাকা থেকে একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশা হাতীবান্ধার দিকে আসছিল। এ সময় বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দু‘টি মোটরসাইকেল ও ওই যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আরো চারজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার জানান, নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।