খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার খোকসা থানার সাবেক ওসি মোতালেব হোসেনের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে খোকসা বাজার ব্যবসায়ীদের আয়োজনে পৌর বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ভুক্তভোগী ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, খোকসা বাজারের প্রধান সড়কে বর্ষণ ইলেকট্রনিক্স নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার কাছে এক লাখ টাকা অথবা মেয়ের জন্য একটি ল্যাপটপ দাবি করেন খোকসা থানার সাবেক ওসি মোতালেব হোসেন।
মাহফুজুর রহমান বলেন, লাখ টাকা ও ল্যাপটপ না দেয়ায় সন্ত্রাসী দিয়ে হুমকি দেন সাবেক ওসি মোতালেব। এখন তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে জীবনের নিরাপত্তা চান তিনি।
পরে সাবেক ওসি মোতালেব হোসেনের ক্ষমতার অপব্যবহার ও জীবননাশের হুমকি প্রদানের বিষয়ে বিচার ও জীবনের নিরাপত্তা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি কুষ্টিয়ার খোকসায় ইলেক্ট্রনিক্স পণ্য ব্যবসায়ী মাহফুজুর রহমানের কাছ থেকে ল্যাপটপ ও নগদ অর্থ চাঁদা দাবি করেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব হোসেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই ব্যবসায়ী গত ২৭ ফেব্রুয়ারি জেলা প্রশাসক বরাবর জীবনের নিরাপত্তা চেয়ে আবেদন করেন। এ ঘটনায় গ ২ মার্চ তাকে প্রত্যাহার করা হয়।



