ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামের চৌরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন ওই গ্রামের হামেদ আলীর ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে রাংসা নদীতে মাছ ধরতে যান সাদ্দাম। এ সময় হঠাৎ করে বৃষ্টি শুরু হয় এবং সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তানবীর আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



