৪০০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ, গ্রেফতার চরফ্যাশনের ওবায়দুল

ভুয়া প্রকল্পের মাধ্যমে একটি চক্র অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

মোহাম্মদ কামরুজ্জামান, চরফ্যাশন (ভোলা)

Location :

Bhola
গ্রেফতার ওবায়েদুল্লাহ
গ্রেফতার ওবায়েদুল্লাহ |নয়া দিগন্ত

নাজরান ফিশারিজ অ্যান্ড এগ্রো প্রকল্পে বিনিয়োগের নামে প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো: ওবায়েদুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (৬ মে) ঢাকার বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওবায়েদুল্লাহ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর এলাকার বাসিন্দা।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (গণমাধ্যম) জসীম উদ্দিন খান জানান, ‘নাজরান ফিশারিজ অ্যান্ড এগ্রো’ নামে ভুয়া প্রকল্পের মাধ্যমে একটি চক্র অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

তিনি বলেন, ‘এক লাখ টাকা বিনিয়োগে মাসে তিন হাজার টাকা লাভ এবং ৩৩ মাসে মূলধন দ্বিগুণের প্রতিশ্রুতি দেয়া হত। ২০২৩ সালের মে মাসে রাজধানীর কুড়িল চৌরাস্তায় ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে এক নারী ও তার দুই বান্ধবী বিনিয়োগ করেন। বাদি সাত লাখ টাকা এবং তার দুই বান্ধবী পাঁচ লাখ টাকা করে বিনিয়োগ করেন। আস্থা অর্জনের জন্য তাদের ৪২ হাজার টাকা মুনাফাও দেয় প্রতারক চক্রটি। পরবর্তীতে একই বছরের জুলাই মাসে ব্যাংকের মাধ্যমে আরো ৫০ লাখ টাকা বিনিয়োগ করেন তারা। পরে প্লট কেনার প্রলোভন দেখিয়ে বাদি ও তার দুই বান্ধবীর কাছ থেকে মোট এক কোটি ৬৩ লাখ ৯৮ হাজার টাকা নেয়া হয়। এর মধ্যে ১৮ লাখ ৭২ হাজার টাকা মুনাফা হিসেবে ফেরত দিলেও পরে অফিস গুটিয়ে আত্মগোপনে চলে যায় চক্রটি।’

সিআইডি জানায়, মামলার পর অভিযুক্তরা মোবাইল ফোন নম্বর বন্ধ রাখে। প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অবস্থান শনাক্ত করে বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাদের একজনকে গ্রেফতার করা হয়।

তদন্তে জানা গেছে, একই কৌশলে বহু মানুষের কাছ থেকে অর্থ নেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির চারটি ব্যাংক হিসাব ও সার্ভার তথ্য বিশ্লেষণে প্রায় ৪০০ কোটি টাকা বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। গ্রেফতার ব্যক্তির ১৪টি ব্যাংক হিসাবে প্রায় আড়াই কোটি টাকার লেনদেন শনাক্ত হয়েছে।

সিআইডি আরো জানায়, গ্রেফতার আসামির বিরুদ্ধে ভাটারা, উত্তরা পশ্চিম ও সাভার এলাকায় একাধিক মামলা রয়েছে এবং আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে।