গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকারের পক্ষ থেকে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ২০৮টি কিন্ডারগার্টেন স্কুলের মধ্যে ক্রীড়া সামগ্রী, জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে।
শুক্রবার টঙ্গীর ইউনাইটেড মডেল একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন টঙ্গী পূর্ব থানার সভাপতি মো: আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকারের সহধর্মিনী মেহনাজ সরকার শিল্পী।
প্রধান অতিথির বক্তব্যে মেহনাজ সরকার শিল্পী বলেন, কিন্ডারগার্টেন স্কুলগুলো দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বেসরকারিভাবে প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন স্কুলগুলো না থাকলে শুধুমাত্র সরকারি স্কুলগুলোর মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সচল রাখা সম্ভব হতো না।
তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের খেলাধুলায় অনুপ্রেরণা দিতে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর এলাকার সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী দেয়ার ব্যবস্থা করেছেন।
তিনি আরো বলেন, শিশুদের খেলাধুলায় অনুপ্রেরণা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির কাজ খুব শিগগিরই শুরু হবে।
গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন টঙ্গী পূর্ব থানার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদার ও টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমানের সঞ্চালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুল ইসলাম মানু, সাধারণ সম্পাদক রওনক উদ্দিন, গাজীপুর প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন টঙ্গী পশ্চিম থানার সভাপতি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, হাতিমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিজা খন্দকার লাকি, কাশিমপুর গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন প্রমুখ।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



