টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জামালপুর জেলার মেলানদহ উপজেলার চর গ্রামের আলামিন (৩০), চরপালিশা গ্রামের স্বপন মিয়া (৩৫) ও সদর উপজেলার হাসিল মানিকাবাড়ী গ্রামের জুয়েল রানা (৩২) এবং আহত ব্যক্তির নাম মো: সানী (১৮)। তিনি ময়মনসিংহ সদর উপজেলার পাণ্ডা গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, আজ সকালে জামালপুরগামী পিকআপ ভ্যান ধনবাড়ী উপজেলার বিলাশপুর বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপচালক ও মোটরসাইকেলের এক আরোহী নিহত হন। গুরুতর আহত দু’জনকে হাসপাতালে নিলে সেখানে আরো একজন মারা যান।
ধনবাড়ী থানার ডিউটি অফিসার ফরিদ শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মধ্যে দু’জন মোটরসাইকেল আরোহী ও একজন পিকআপভ্যানের চালক।



