ডাসার (মাদারীপুর) সংবাদদাতা
মাদারীপুরের ডাসারে এক গৃহবধূ ও কিশোরীকে কোমল পানীয়ের সাথে চেতনানাশক ওষুধ পান করিয়ে অচেতন করার অভিযোগ উঠেছে আকাশ হাওলাদার (১৯) নামে এক যুবকের বিরুদ্ধে।
রোববার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার পূর্ব খান্দুলী গ্রামে এ ঘটনা ঘটে।
আকাশ উপজেলার পূর্ব খান্দুলী গ্রামের হেমায়েত হাওলাদারের ছেলে।
সরেজমিনে জানা যায়, রোববার সন্ধ্যায় পূর্ব খান্দুলী গ্রামের আকাশ গৃহবধূ ও কিশোরীকে কোমল পানীয় (কোল্ড ড্রিঙ্কস) পান করতে দেন। পানীয় পান করার পরেই তারা দু’জন বমি শুরু করে ও অচেতন হয়ে পড়েন। অবস্থা খারাপ হলে তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভিযোগ উঠেছে, কোমল পানীয়ের মধ্যে আগে থেকেই চেতনানাশক মিশিয়ে দিয়েছিল অভিযুক্ত যুবক।
অভিযুক্ত আকাশ জানান, স্থানীয় ফার্মেসি থেকে সেডিল ৫ মি.গ্রা. ট্যাবলেট কিনে কোমল পানীয়ের সাথে মিশিয়ে নিজে পান করেন তিনি। পরে ওই পানীয় কিশোরী ও গৃহবধূকে পান করতে দেন। এরপরেই অসুস্থ হয়ে পড়েন তারা।
ভুক্তভোগী কিশোরী সম্পর্কে অভিযুক্ত যুবকের আপন চাচাতো বোন ও গৃহবধূ চাচাতো ভাইয়ের স্ত্রী।
প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি করায় ফার্মেসি ও যুবকের শাস্তি দাবি করেন এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার।
ভুক্তভোগীদের চিকিৎসার জন্য অর্থিক সাহায্য ও খোঁজ নেয়া হচ্ছে বলে জানান ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থানে গিয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’



