লালমনিরহাট–২

তিস্তা মহাপরিকল্পনাসহ জামায়াত প্রার্থীর ১৩ দফা ইশতেহার ঘোষণা

লালমনিরহাট–২ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো: ফিরোজ হায়দার লাভলু তিস্তা মহাপরিকল্পনা বস্তবায়নসহ ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
লালমনিরহাট–২ আসনে তিস্তা মহাপরিকল্পনাসহ জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা
লালমনিরহাট–২ আসনে তিস্তা মহাপরিকল্পনাসহ জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাট–২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো: ফিরোজ হায়দার লাভলু তিস্তা মহাপরিকল্পনা বস্তবায়নসহ ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কালীগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

ফিরোজ হায়দার লাভলু তার ইশতেহারে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও ড্রেজিংয়ের অঙ্গীকার করেন। একই সাথে লালমনিরহাট–বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, রেল যোগাযোগ উন্নয়ন ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর প্রতিশ্রুতি দেন।

জামায়াত প্রার্থী তার ইশতেহারে আদিতমারী উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন ও তুষভাণ্ডার ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান।

এছাড়া এলাকার সড়ক-ব্রিজ ও কালভার্ট উন্নয়ন, কৃষকদের জন্য ন্যায্যমূল্যে কৃষি উপকরণ নিশ্চিতকরণ, আদিতমারী ও কালীগঞ্জে মানসম্মত হাসপাতাল স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি।

সংবাদ সম্মেলনে ফিরোজ হায়দার লাভলু বলেন,‌‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘সুশাসন ‌প্রতিষ্ঠায় প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। জনকল্যাণে ঘোষিত এ ইশতেহার বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতাকর্মীসহ ও ‌‌স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।