নোয়াখালী অফিস
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার (২ জুলাই) বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে নোয়াখালী মডেল মসজিদের সামনে থেকে গণমিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরবাজার এলাকায় সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জেলা আমির ইসহাক খন্দকার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি হলে দেশবাসীকে সাথে নিয়ে প্রবল আন্দোলন গড়ে তোলা হবে।’
তিনি বলেন, ‘জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে কোনো জনবিরোধী সিদ্ধান্ত নেয়া হলে জনগণ তা মেনে নেবে না। সময় থাকতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সংসদের দক্ষিণ প্লাজায় গৃহীত ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ পূর্ণাঙ্গরুপে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ রাজপথে নেমে এলে বর্তমান সরকারকে পতিত স্বৈরাচারী শাসক হাসিনার চেয়েও করুণ পরিণতি ভোগ করতে হতে পারে।’
জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেনের পরিচালনায় সমাবেশে জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, শহর আমির মাওলানা মোহাম্মদ ইউসুফ, সদর উপজেলা আমির হাফেজ মাওলানা মহিউদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী শহর সভাপতি আব্দুল্লাহ আল মাহবুব এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সেক্রেটারি আব্দুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
গণমিছিল ও সমাবেশে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ স্থানীয় জনসাধারণ অংশ নেন।



