রাজশাহী থেকে জাপানে দক্ষ কর্মী নিয়োগ এবং কৃষি, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে সম্ভাব্য বিনিয়োগ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটনের সাথে আলোচনা করেছে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দল। একইসাথে রাসিকের সাথে জাপানের কোনো একটি শহরের ‘সিস্টার সিটি’ সম্পর্ক স্থাপনের বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজশাহী নগর ভবনে রাসিক প্রশাসকের দফতরে প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে এসব বিষয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে রাজশাহীর দক্ষ জনশক্তিকে জাপানের বিভিন্ন খাতে কাজে লাগানো, আম ও অন্যান্য কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণে হিমাগার স্থাপন, স্বাস্থ্যসেবা, জাপানি ভাষা শিক্ষা ইনস্টিটিউট স্থাপন, তথ্যপ্রযুক্তি এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া রাজশাহী সিটির সাথে জাপানের একটি শহরের সিস্টার সিটি সম্পর্ক স্থাপনের মাধ্যমে শিক্ষা, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ তৈরির বিষয়টিও বৈঠকে উঠে আসে।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘রাজশাহী একটি সম্ভাবনাময় নগরী। শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা, তথ্যপ্রযুক্তি ও দক্ষ মানবসম্পদের ক্ষেত্রে এ অঞ্চলের ব্যাপক সম্ভাবনা রয়েছে। জাপানের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজশাহীতে বিনিয়োগ, কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।’
তিনি বলেন, ‘বিশেষ করে রাজশাহীর কৃষিপণ্য ও আম প্রক্রিয়াজাতকরণ, কৃষিপণ্য সংরক্ষণ এবং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব। জাপানের কোনো শহরের সাথে সিস্টার সিটি সম্পর্ক স্থাপন করা গেলে দুই অঞ্চলের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা আরো জোরদার হবে।’
রাসিক প্রশাসক আরো বলেন, ‘বাংলাদেশ সরকারের যথাযথ কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এবং প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে জাপানের সাথে সম্ভাবনাময় খাতগুলোতে কাজ করতে আগ্রহী রাসিক।’
জাপানের প্রতিনিধি দলের সদস্যরা হলেন জাপান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওয়ামোতো ইয়াসুহিরো, জেনারেল ইনকরপোরেটেড অ্যাসোসিয়েশন হামিংবার্ডের রিপ্রেজেন্টেটিভ ডিরেক্টর ইউতা শিগেমোরি, ওয়েস্ট ওকায়ামা মেডিকেল ক্লিনিকের এক্সিকিউটিভ ডিরেক্টর ও হ্যান্ডসন ল্যান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সেইজি ইশিমোতো ও ওকায়ামা বিজনেস কলেজের ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের মো: জিয়াউল করিম। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক আবু সাঈদ উপস্থিত ছিলেন।
এছাড়া রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম, সচিব সোহেল রানা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো: মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ২০ জুন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ হয়। ওই সময় প্রতিনিধি দলের সদস্যরা রাজশাহী থেকে জাপানে দক্ষ কর্মী নিয়োগ এবং বিভিন্ন খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারের বৈঠকে সম্ভাব্য সহযোগিতা ও বিনিয়োগের বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



