পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে উচ্চ ফলনশীল আলুর জাত বিস্তারের লক্ষে একটি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এখানে প্রায় ৮১টি নতুন আলুর প্রদর্শনী ও কৃষকদের মাঝে আলুর গুণাবলি নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) দেবীগঞ্জ উপজেলার প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও উপকেন্দ্র প্রধান ড. মো: খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ড. মো: মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: শাহাদাৎ হোসেন। এ সময় স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মাঠ দিবসের কার্যক্রমে অংশ নেন।
প্রধান অতিথি ড. মো: মহিউদ্দিন বলেন, আধুনিক প্রযুক্তি ও উন্নত জাতের আলু চাষের মাধ্যমে কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, নতুন উচ্চ ফলনশীল আলুর জাত কৃষকদের মাঝে ছড়িয়ে দিলে উৎপাদন বৃদ্ধি পাবে। এর ফলে কৃষকের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। এখানে গবেষণা করে নতুন নতুন আলুর বীজ উৎপাদন করা হয়। আলুর বীজ উৎপাদন করে আজকে প্রায় ৮১টি আলুর প্রদর্শনী দেখানো হলো। এখান থেকে কৃষকদের চাহিদামতো আলুর বীজ এখান থেকে নিয়ে উৎপাদন করতে পারবে।



