সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল মধ্যপাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী ক্যাম্পেইন ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ৪টার মধ্যে দুর্বৃত্তরা এ আগুন দেয় বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে নির্বাচনী প্রচারণা কেন্দ্রটিতে আগুন ধরিয়ে দিলে ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে ক্যাম্পেইনের বিভিন্ন সামগ্রীসহ প্রয়োজনীয় কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও আতঙ্ক ছড়ানোর উদ্দেশে দুর্বৃত্তরা এই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার পরপরই স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ জানান, এ ধরনের একটি সংবাদের খবর পেয়ে আমি নিজে ও ম্যাজিস্ট্রেটসহ ঘটনাস্থলে গিয়েছি এবং বিষয়টি পর্যবেক্ষণ করেছি।



