গোপালগঞ্জে চুরির অভিযোগে রিকশাচালককে পিটিয়ে হত্যা

বাড়ির কেয়ারটেকার মো: কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতো আল আমিন শেখ। দুই দিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হলে আল আমিন তা চুরি করেছে বলে সন্দেহ করা হয়।

মো: সেলিম রেজা, গোপালগঞ্জ

Location :

Gopalganj
অটোরিকশা চুরির অভিযোগে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে
অটোরিকশা চুরির অভিযোগে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে |প্রতীকী ছবি

গোপালগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে আল আমিন শেখ (৩০) নামে এক রিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২০ মে) রাতে গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের ডা: এম ডি রবিউল ইসলাম তুহিনের বাড়ির কেয়ারটেকার মো: কামরুল ঠাকুরের রুমের বাথরুম থেকে ওই রিকশাচালকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত রিকশাচালক আল আমিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মরহুম ফায়েক শেখের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ জানান, বাড়ির কেয়ারটেকার মো: কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতো আল আমিন শেখ। দুই দিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হলে আল আমিন তা চুরি করেছে বলে সন্দেহ করা হয়।

পরে বুধবার আল আমিনকে ওই বাসায় আটকে রেখে মারধর করা হয়। এ সময় আল আমিনের মাকে গ্রামের বাড়ি থেকে ডেকে আনা হলে তিনি এসে ঘরের দরজা বন্ধ পান। পরে তিনি ডাকাডাকি করলে অভিযুক্ত কামরুলের ছেলে দরজা খুলে দেয়। এ সময় ভেতরে প্রবেশ করে বাথরুমের মধ্যে ছেলেকে পড়ে থাকতে দেখেন আল আমিনের মা।

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার মো: কামরুল ঠাকুর পলাতক রয়েছেন।