ছাত্ররা সংস্কার চেয়ে দেয়ালে-সড়কে লিখেছিল, নির্বাচন চেয়ে নয় : ফয়জুল করীম

‘দেশের কোথাও কোনো সড়কে, দেয়ালে তো লিখা ছিল না, আমরা ভালো একটা নির্বাচন চাই। সেটা কোথাও আন্দোলনকারীরা বলেনি।’

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
বক্তব্য দিচ্ছেন মুহাম্মদ ফয়জুল করীম
বক্তব্য দিচ্ছেন মুহাম্মদ ফয়জুল করীম |নয়া দিগন্ত

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ছাত্ররা সংস্কার চেয়ে দেয়ালে-সড়কে লিখেছিল, নির্বাচন চেয়ে নয়। জুলাই-আগষ্ট আন্দোলনে সড়কে ও দেয়ালে সব জায়গায় আন্দলনরত ছাত্ররা লিখেছিল দেশের মানুষের সাম্যতা চাই, সংস্কার চাই ও অধিকার চাই।

তিনি বলেন, দেশের কোথাও কোনো সড়কে, দেয়ালে তো লিখা ছিল না, আমরা ভালো একটা নির্বাচন চাই। সেটা কোথাও আন্দোলনকারীরা বলেনি।

মঙ্গলবার (২২ জুলাই) মাদারীপুরে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়জুল করীম বলেন, ‘গত বছর জুলাই-আগস্টের মূল দাবি ছিল বৈষম্যবিরোধী আন্দোলন। দেশের মানুষের সাম্যতা ও অধিকারের আন্দোলন। ভালো একটা নির্বাচন চাই। সেটা কোথাও আন্দোলনকারীরা বলেনি। অথচ একদল শুধু নির্বাচন নির্বাচন করছে। দেশের কোথাও এখনো সংস্কারের খবর নাই। সংস্কার ছাড়া নির্বাচন হতে দেবো না।’

এ সময় তিনি আগামীতে হাতপাখাকে ভোট দিয়ে ইসলামী হুকুমতে দেশ চালানোর জন্যে সকলকে ভোট দেয়ার আহ্বান করেন।

অনুষ্ঠানে মাদারীপুর জেলার তিনটি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের তিনজন প্রার্থীকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। এ সময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর শাখার সভাপতি তালুকদার মুহাম্মাদ দেলোয়ার হুসাইন।

এছাড়া সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব আন্দোলনের সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মাদ মারুফ শেখ, কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের দফতর সম্পাদক লোকমান হোসেন জায়রী ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মুফতী রেজাউল করীম আবরার।