মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মো: আব্দুল্লাহকে সংবর্ধনা দিয়েছে সনাতনী সমাজ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের শেখরনগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সনাতনী সমাজের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত নেতা ও সুধীজনরা তাকে অভিনন্দন জানান এবং এলাকার উন্নয়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তার সহযোগিতা কামনা করেন।
বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে মুন্সীগঞ্জ-১ আসনকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত করার প্রত্যাশা তাদের।
অনুষ্ঠানে চৈতি দেবনাথের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আলী আজগর অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তী।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক গেনদিপ ঘোষ, শ্রীনগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের স্বপন রায়, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য দুলাল দাস, শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেব্রোবত দাস টুটুল, শ্রীনগর পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদক ও সাধারণ সম্পাদক অধির দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতা ও এলাকাবাসীরা।



