রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় এক অনার্স পড়ুয়া ছাত্রীকে যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকি দেয়ার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওটি রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসার পর তার নির্দেশনায় এক ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।
শুক্রবার (১৪ আগস্ট) মামলা হওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে কালুমিস্ত্রির মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন—বোয়ালিয়া মডেল থানার কালুমিস্ত্রির মোড় এলাকার মো: জিয়াদের ছেলে মো: রিয়াজন (২০), মো: বাবুর ছেলে মো: বান্টি হাসান (১৮) এবং মো: এনামুল হকের ছেলে মো: তাসিন লাবিব (১৯)।
পুলিশ জানায়, পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। গত ২ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে কালুমিস্ত্রির মোড় এলাকায় ওই ছাত্রীর ভাড়া বাসার সামনে গিয়ে তাকে যৌন হয়রানি, অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে হয়রানি করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তাকে রাজশাহীতে পড়াশোনা ও অবস্থান করতে না দেয়ারও হুমকি দেয়া হয়।
এ ঘটনায় ১৪ আগস্ট বোয়ালিয়া থানায় মামলা হওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালিয়ে কালুমিস্ত্রির মোড় এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। কিশোর গ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকিসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আরএমপি জানিয়েছে, কিশোর গ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি, ভয়ভীতি প্রদর্শনসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির তৎপরতা অব্যাহত থাকবে।



