যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে পুনরায় আন্তর্জাতিক মানের ক্রিকেট ভেন্যুতে রূপ দিতে দ্রুত উন্নয়ন কাজ শুরু করা হবে। আগামী জুলাই মাসে প্রমীলা বিপিএল আয়োজনের একটি পরিকল্পনা সরকারের রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমতি সাপেক্ষে বিপিএল বা আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে এ মাঠকে ভেন্যু করতে সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, ‘আইসিসির স্ট্যান্ডার্ড অনুযায়ী আন্তর্জাতিক একটি স্টেডিয়ামের যে সুযোগ-সুবিধা থাকা দরকার, সেই আদলে এ স্টেডিয়ামকে পুনর্গঠন করার জন্য চেষ্টা করছি। জাতীয় ক্রীড়া পরিষদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রিকেট বোর্ড সবাই একমত হয়েছে যে, শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হিসেবে গড়ে তুলতে দ্রুত কার্যক্রম শুরু করা হবে।’
বগুড়ায় কোনো আলাদা জেলা স্টেডিয়াম না থাকার বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘বগুড়া বাংলাদেশের একমাত্র জেলা যেখানে কোনো আলাদা জেলা স্টেডিয়াম তৈরি করা হয়নি। কেন করা হয়নি, সেই দীর্ঘ ১৭ বছরের ইতিহাসে আমরা যাব না।’
‘তবে সরকারের ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ পরিকল্পনার অংশ হিসেবে রাজশাহী বিভাগের স্পোর্টস ভিলেজটি এ বগুড়াতেই নির্মাণ করা হবে। আগামী জুন মাস থেকেই এ স্পোর্টস ভিলেজ ও ইনডোর সুযোগ-সুবিধা সম্বলিত প্রকল্পের কাজ শুরু হতে পারে।’
স্টেডিয়ামের মালামাল চুরি হওয়া সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান কী অবস্থা এবং কোথায় কী সমস্যা রয়েছে, তা সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা চিহ্নিত করেছেন।’
শহীদ চাঁন্দু স্টেডিয়াম এক সময় আন্তর্জাতিক ভেন্যু হিসেবে পরিচিত থাকলেও দীর্ঘ ১৭ বছর ধরে এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
পরিদর্শনকালে বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী অফিসার (সিইও) ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে প্রতিমন্ত্রী বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে ক্রীড়া সংগঠনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।



