সুন্দরবনে ভ্রমণকালে ট্রলারের তলা ফেটে পানি ঢুকতে শুরু করায় বিপদে পড়া মাঝিসহ নয়জন পর্যটককে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এর সহায়তায় উদ্ধার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে বাগেরহাট নৌ-পুলিশ এবং মংলা কোস্টগার্ডের যৌথ উদ্ধারকারী দল তাদের নিরাপদে উদ্ধার করে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, সাতক্ষীরার শ্যামনগর থানার নাপিতখালী এলাকা থেকে আটজন পর্যটক ইঞ্জিনচালিত নৌকায় সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সুন্দরবনের ‘সিংহের টেক’ নামক এলাকায় পৌঁছালে হঠাৎ নৌকার তলা ফুটো হয়ে ভেতরে পানি ঢুকতে শুরু করে।
একপর্যায়ে ট্রলারটি ডুবে যাওয়ার উপক্রম হলে বাগেরহাট সদর থেকে এক ব্যক্তি তার ভাইসহ পর্যটকদের বিপদের কথা জানিয়ে ৯৯৯-এ কল করে দ্রুত সহায়তার আকুতি জানান। কলটি পাওয়ার পর ৯৯৯-এর উদ্ধার সমন্বয়কারী দল তাৎক্ষণিকভাবে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ডকে বিষয়টি অভিহিত করে।
সংবাদ পেয়ে কোস্টগার্ড ও নৌ-পুলিশের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত নৌকা থেকে মাঝিসহ নয়জন পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।



