চৌগাছায় সঠিক চিকিৎসা না পেয়ে দরিদ্র বৃদ্ধের আত্মহত্যা

দরিদ্রতার কারণে সঠিক চিকিৎসা না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে বাড়ির পেছনের বাঁশবাগানে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha

যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নে একদিনে ঘটে গেল দুটি হৃদয়বিদারক ঘটনা। পৃথক সময়ে একজন বৃদ্ধ ও এক তরুণী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২০ মে) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার বল্লভপুর গ্রামে আত্মহত্যা করেন বদর উদ্দিন (৭০) নামের ওই বৃদ্ধ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন। দরিদ্রতার কারণে সঠিক চিকিৎসা না পাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে বাড়ির পেছনের বাঁশবাগানে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

স্থানীয়রা জানান, বদর উদ্দিন এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে পরিবার সতর্ক থাকায় তাকে বাঁচানো সম্ভব হয়েছিল। কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি।

একইসাথে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে আনোয়ার হোসেনের মেয়ে পায়েল আক্তার (১৮) নিজ কক্ষের সিলিং ফ্যানে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, সকালে নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন পায়েল। দীর্ঘক্ষণ দরজা না খোলায় পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং দ্রুত নামিয়ে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, প্রেমঘটিত বিষয়ে পারিবারিক কলহ থেকেই আত্মহননের পথ বেছে নিয়েছেন পায়েল। তার এমন মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মাঝে নেমে এসেছে গভীর শোক।

দুটি ঘটনাতেই চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, মেয়েটির বিষয়ে তদন্ত চলমান। তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর প্রেরণ করা হয়েছে। বৃদ্ধের ব্যাপারে পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেয়া হয়েছে।