মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তীব্র আকার ধারণ করায় ফ্লাইট চলাচল পুনরায় স্থবির হয়ে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার কারণে আজ বুধবারও (১৮ মার্চ) চট্টগ্রাম বিমানবন্দরে আটটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। ফলে এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরে সর্বমোট ১৪৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল নয়া দিগন্তকে বলেন, ‘যুদ্ধাবস্থা তীব্র রূপ নেয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস বাংলা এয়ারলাইন্সের শারজাহ, দুবাই, আবুধাবি থেকে চট্টগ্রামের ফ্লাইটগুলোর স্থবিরতা অপরিবর্তিত রয়েছে।’
তিনি আরো বলেন, ‘গতকাল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দু’টি ডিপার্চার ফ্লাইট, ইউএস বাংলা এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য-চট্টগ্রাম রুটের একটি এরাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট, এয়ার আরাবিয়ার শারজাহ-চট্টগ্রাম-শারজাহ রুটের দু’টি এরাইভাল ও দু’টি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।’
এছাড়া বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য-চট্টগ্রাম রুটের যাত্রীবাহী নয়টি এরাইভাল ফ্লাইট ও পাঁচটি ডিপার্চার ফ্লাইট আজ সচল ছিল বলেও জানান তিনি।



