ভাণ্ডারিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, বিচারের দাবিতে মানববন্ধন

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডের কালেমা চত্বরে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

Location :

Pirojpur
মানববন্ধনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন
মানববন্ধনে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন |নয়া দিগন্ত

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় যুবদলের নেতা ও পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো: জিয়া উদ্দিন বাবুলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচির পালন করা হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডের কালেমা চত্বরে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা জানান, গত ২৩ জুলাই দিনগত রাত আনুমানিক আড়াইটার দিকে একদল সন্ত্রাসী জিয়া উদ্দিন বাবুলের বসতঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে তিনি বাধা দিলে সন্ত্রাসীদের সাথে বাগ্‌বিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে ঘরের আঙিনায় টেনে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ১২ থেকে ১৫টি কোপ দিয়ে গুরুতর জখম করে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

বক্তারা হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, গভীর রাতে ঘরে ঢুকে একজন রাজনৈতিক নেতার ওপর এ ধরনের বর্বরোচিত হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

উপজেলা যুবদলের সদস্য সচিব মো: শামীম হাওলাদারের পরিচালনায় প্রতিবাদ সভায় যুবদল নেতা নাজমুল হাসান আরিফ, আনিচুর রহমান অলি আকন, পৌর যুবদলের সভাপতি মো: মেহেদী হাসান মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাপ্পি, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক তালুকদার আহম্মেদ মারুফ, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো: আল আমিন মুন্সী এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন হিরন, রিয়াজুল ইসলাম শাহীরাজ প্রমুখ বক্তব্য দেন।

কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।